বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক, মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা আবু হাসান টিপু বলেছেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রস্তাবনায় ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের জন্য নতুন কোনো সুখবর নেই। শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে বিদায়ী বাজেটের পুনরাবৃত্তি হয়েছে মাত্র। অথচ বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার পুরোনো ধারাকে অব্যাহত রেখে প্রকারান্তরে কালো টাকার মালিক অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে উৎসাহিত করা হয়েছে। যা ‘২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী এবং লুটেরা ধনিকশ্রেণির কাছে আত্মসমর্পণের সামিল।
চাতুর্যপূর্ণ এ বাজেটে রাষ্ট্রের নানা অংশকে খুশি করতে গিয়ে বিশাল অঙ্কের ঘাটতি বাজেটের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়বে। প্রস্তাবিত বাজেটে করের জাল বিস্তৃত করার যে নীতি গ্রহণ করা হয়েছে, সেই নীতিতে শ্রমিক-কৃষক, ক্ষেতমজুর, নিম্নবিত্ত-মধ্যবিত্ত, চাকরিজীবী, ছোট ও মাঝারি ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে শুধুমাত্র অল্পকিছু বড় ব্যবসায়ী, ব্যাংক মালিক ও আমদানিকারক গোষ্ঠী লাভবান হবে। ফলে শ্রেণি বৈষম্য আরও তীব্র থেকে তীব্রতর হবে।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের আঙিনায় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে খোলা পরামর্শকালে আবু হাসান টিপু এসব কথা বলেন।
আজ ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকালে এই খোলা পরামর্শকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা মো. হানিফ, আ. রহিম, ইয়াসিন, নাছির হোসেন প্রমুখ।

