নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তান কার সঙ্গে মিশছে, সে বিষয়ে খোঁজখবর রাখা অভিভাবকদের দায়িত্ব। স্কুলে আসা-যাওয়ার পথে সন্তান কোনো খারাপ সঙ্গের সঙ্গে মিশছে কি না, সেটিও খেয়াল রাখতে হবে। সন্তানের প্রতি নজর রাখা, তাদের কথা শোনা এবং নিয়ম-শৃঙ্খলার চর্চা পরিবার থেকেই শুরু করতে হবে।
তিনি বলেন, ক্লাস নাইন-টেন একজন শিক্ষার্থীর জীবনে একবারই আসে। এসএসসি পরীক্ষাও একবারই আসে। একটি শিশুর ভবিষ্যতের জন্য এসএসসি, এইচএসসি ও ডিগ্রি—এই তিনটি সনদ গুরুত্বপূর্ণ। তাই এসএসসি পরীক্ষাকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই।
ডিসি রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে হবে। পড়াশোনার পাশাপাশি বাস্তবজ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।
তিনি আরও বলেন, মাদক, অনলাইন গেমস ও অসৎ সঙ্গ থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
মার্চেন্ট ওয়ার্কারস (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূ খান, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, অভিভাবক প্রতিনিধি মো. মোহসীন হোসেন, শিক্ষক প্রতিনিধি আতিকুর রহমান, সহকারী শিক্ষক এস এম কামরুজ্জামান শিপলুসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লোকমান হোসেন।

