ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের অংশ হিসেবে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনা সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
সোমবার (২২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তবে জেলায় ঠিক কত সংখ্যক সেনা সদস্য বা কত প্লাটুন মোতায়েন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় বেআইনি মিছিল, শোডাউন কিংবা উসকানিমূলক কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থেকে দায়িত্ব পালন করবেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

