নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দলের নেতা-কর্মীদের দায়িত্ব। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া মিশনপাড়া এলাকায় এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও উপস্থিত ছিলেন।
বক্তব্যে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বর্তমান সময়ের একজন সফল রাষ্ট্রনায়ক। তাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের সোচ্চার হওয়া উচিত।
এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীত কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন মন্তব্য করেন। দাবি করেন, দীর্ঘ ১৭ বছর তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং এ বিষয়ে তার কাছে তথ্য ও ছবি রয়েছে। যদিও বক্তব্যে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এছাড়া তিনি এনসিপির আরও কয়েকজন নেতা—আসিফ মাহমুদ, নাহিদ ও হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এবং জুলাই আন্দোলনের আগে তাদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে রিপন বলেন, গত ১৭ বছরে দলের নেতা-কর্মীরা নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পার করেছেন। সেই ইতিহাস বিবেচনায় রেখে বিএনপিকে নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে দেওয়া বক্তব্যে রিপন বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দেন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যে দলের কোনো ক্ষতি হবে না। তবে এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানানোকে তিনি দলীয় দায়িত্বের অংশ বলে উল্লেখ করেন।

