জ্বালানি তেলের বর্ধিত মূল্য পুনর্বিবেচনা এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মহানগর জামায়াতের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রায়। একই সঙ্গে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন, পণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
জনসাধারণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে বর্ধিত জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনার দাবি জানায় দলটি। পাশাপাশি জ্বালানির দাম বাড়ার অজুহাতে গণপরিবহনের ভাড়া ও নিত্যপণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়। একই সঙ্গে পরিবহন ও নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর নজরদারি বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে জ্বালানি খাতে অপচয়, অনিয়ম ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানায় জামায়াত।
বিক্ষোভ মিছিল ও কর্মসূচিতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনসহ মহানগর শাখার নেতৃবৃন্দ।

