নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মাসুম (৩২) ও ফরহাদ (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ফতুল্লা মডেল থানায় দায়ের করা দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতায় জড়িত থাকার অভিযোগও রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুম ও ফরহাদকে গ্রেপ্তার করে। মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে সাংবাদিক আল আমিন প্রধানের কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ বৈঠক চলছিল। এ সময় মাসুম ও ফরহাদসহ ৫ থেকে ৭ জন সেখানে উপস্থিত হন। তারা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এতে বাধা দিলে সাংবাদিক আল আমিন প্রধানের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন তাঁরা। পরে উপস্থিত লোকজন এগিয়ে এলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যান।
এর পরদিন ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা ও চাপাতি নিয়ে সাংবাদিকের বাড়ির নিচে অবস্থান নেয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁরা আল আমিন প্রধানের নাম ধরে ডাকাডাকি করে তাঁকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। যেখানে পাওয়া যাবে, সেখানেই তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যান তাঁরা।
পরপর দুই দিনের এসব ঘটনার পর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক আল আমিন প্রধান।
উল্লেখ্য, আল আমিন প্রধান ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

