নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওসমান (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে আগে থেকেই ১৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার আলী ইসলামের ছেলে ওসমান (২৬), সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকার সোবহানের ছেলে নয়ন (২৫), সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকার নূরু মিয়ার ছেলে রিপন (৩৬) এবং একই এলাকার আবদুর রহিমের স্ত্রী রেখা আক্তার (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, ডিবির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও মফিজুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় প্রথম অভিযান চালায়। সেখানে ২০০ পিস ইয়াবাসহ রিপন ও রেখা আক্তারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীকালে একই দল শুক্রবার ভোর ৬টার দিকে বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে। এ সময় ওসমান ও তার সহযোগী নয়নকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় আগে থেকেই ১৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন।
পৃথক দুটি অভিযানে ২২০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

