নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শফিকুল ইসলাম শুভ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
শনিবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় শিয়াচর এলাকার কাউসারের গ্যারেজসংলগ্ন সড়ক থেকে তাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম শুভ ফতুল্লার শিয়াচর গনিহাজী বাড়ির মোড় এলাকার বাসিন্দা। তিনি জাকিরুল ইসলামের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, শফিকুল ইসলাম শুভ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এছাড়া তিনি অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
ওসি আরও জানান, অভিযানের সময় শুভর ভাই শিমুলকেও আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, শিমুলও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

