নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পরও কাটছে না অসন্তোষ। বিভিন্ন দাবিতে বুধবার কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সদর উপজেলার ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় এসব বিক্ষোভের ঘটনা ঘটে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আন্দোলনে অংশ নেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক জানান, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নীত করা, দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করা। তবে আন্দোলনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা। বকেয়া সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা তাঁদের বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানাটি বন্ধ থাকায় সেখানে মালিকপক্ষের কেউ উপস্থিত নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
অন্যদিকে, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে চাষাঢ়া ও ফতুল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতনে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। নির্ধারিত মজুরি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা গ্রহণযোগ্য হয়নি।
তিনি বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঘোষিত মজুরি পুনর্মূল্যায়ন করে আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন তাঁরা। তবে শ্রমিক আন্দোলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতাকে তাঁরা সমর্থন করেন না।
নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও গ্রেড পরিবর্তন, ছুটির টাকা ও বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় নারায়ণগঞ্জের পোশাকশিল্প এলাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

