ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শিল্পনগরী নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রশাসক শাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ এবং সবুজায়নের মাধ্যমে শহরকে “গ্রিন অ্যান্ড ক্লিন সিটি” হিসেবে গড়ে তুলতে কাজ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
বুধবার সকালে নগরীর বঙ্গবন্ধু সড়কে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নগরবাসীকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে আয়োজিত এ কর্মসূচি পরিচালিত হয় জাপানের দাতা সংস্থা Japan International Cooperation Agency (জাইকা)-এর অর্থায়নে এবং Local Government Engineering Department-এর সহযোগিতায়। এটি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্টের (ইউডিসিজিপি) অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।
সাখাওয়াত হোসেন খান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। একইসঙ্গে হকারদের পুনর্বাসনের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ফুটপাত পথচারীদের জন্যই থাকবে এবং তা দখল হতে দেওয়া হবে না। তবে জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে হকারদের বিকল্প ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে।
নগরবাসীর প্রতি নির্দিষ্ট স্থান ও সময়ে ময়লা ফেলার আহ্বান জানিয়ে নাসিক প্রশাসক বলেন, শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালেই হবে না, নাগরিকদেরও সচেতন হতে হবে। সবাই একসঙ্গে কাজ করলেই পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব হবে।
তিনি জানান, শহরে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে। সবুজায়নের মাধ্যমে তাপমাত্রা কমিয়ে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। দেশের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
কর্মসূচির অংশ হিসেবে শহরে সচেতনতামূলক র্যালি আয়োজন, সিটি পার্কে ডাস্টবিন স্থাপন এবং পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ করা হয়।
এ সময় ইউডিসিজিপি’র টিম লিডার রাইমন্ড গো, নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসাইন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরি , প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হিরন এবং পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

