নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলীয় নেতাদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সমাবেশ থেকে এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার পাশাপাশি নাসীরুদ্দীন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, এনসিপি গঠন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে, অথচ প্রকাশ্যে নীতির কথা বলা হচ্ছে।
তিনি বলেন, এনসিপির নেতারা নীতির কথা বললেও বাস্তবে তারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ে ব্যস্ত। এ ধরনের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ একসময় এর জবাব দেবে।
তারেক রহমানকে নিয়ে সমালোচনার জবাবে টিপু বলেন, তাঁর পরিবার ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে না জেনে মন্তব্য করা উচিত নয়। তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং তাঁকে নিয়ে কটূক্তি করে কেউ রাজনৈতিক সুবিধা নিতে পারবে না।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই আন্দোলন কোনো একক দলের ছিল না; বিএনপি, ২০ দলীয় জোট ও সাধারণ মানুষ সেখানে রক্ত দিয়েছে। আন্দোলনের কঠিন সময়ে লন্ডন থেকে তারেক রহমান রাজপথে থাকার নির্দেশ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন আরও কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেউ অবমাননাকর মন্তব্য করলে তার প্রতিবাদ করা দলীয় নেতা-কর্মীদের দায়িত্ব।
এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
রিপন দাবি করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী অতীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সে বিষয়ে তাঁর কাছে তথ্য-প্রমাণ রয়েছে। পাশাপাশি তিনি জুলাই আন্দোলনের আগে এনসিপির কয়েকজন শীর্ষ নেতার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।
বিএনপির ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে রিপন বলেন, দীর্ঘ সময় ধরে দলীয় নেতা-কর্মীরা নির্যাতন ও মামলার মুখোমুখি হয়েছেন। সেই ইতিহাসকে উপেক্ষা করে বিএনপির বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার এনসিপির নেতাদের নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটোয়ারী নারায়ণগঞ্জে এলে তাঁকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

