বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে জাকির খান বলেন, রাষ্ট্রপতি পদের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, “আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।”
জাকির খান আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

