নারায়ণগঞ্জের বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬ আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কামতাল এলাকাস্থিত ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিড়াই পাড়া মহজমপুর এলাকার জুলহাস মিয়ার ছেলে সমিত আহম্মেদ সৈকত নামের এক মাদক কারবারিকে ১২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
একই রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরও ৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন— ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিনের ছেলে সুজন, রাজন, নবীগঞ্জ এলাকার মো: আবু সাঈদের ছেলে মো: ফয়সাল, সোনাকান্দা এলাকার নাঈম আহম্মেদ, ফুলহর এলাকার আ: হাকিমের ছেলে মো: আবুল হোসেন এবং পশ্চিম হাজীপুর এলাকার মো: খোরশেদ আলীর ছেলে আল আমিন।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, এলাকাকে মাদক ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

