দীর্ঘ ৬২ মাসের অপেক্ষার অবসান ঘটছে আজ। আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ফিরছে ঘরোয়া ফুটবল। মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। জাতীয় স্টেডিয়ামে এটিই হবে ফর্টিসের প্রথম ম্যাচ।
সর্বশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল ঘরোয়া ফুটবলের ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিই ছিল জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের শেষ আয়োজন।
এরপর ২০২১-২২ থেকে ২০২৫-২৬ টানা পাঁচ মৌসুমে এখানে ঘরোয়া ফুটবলের কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি স্টেডিয়ামে সংস্কার কাজ চলায়।
২৪ নভেম্বর শুধু জাতীয় স্টেডিয়ামেই নয়, একই দিনে আরও দুটি ভেন্যুতে গড়াবে ফেডারেশন কাপের ম্যাচ। মুন্সিগঞ্জে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। অন্যদিকে মানিকগঞ্জে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি এফসি। অর্থাৎ, একই দিনে তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের তিনটি ম্যাচ।

