ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বরফকল খেলার মাঠে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট ইজারা না দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ দাবিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছে শাপলা ক্রীড়া সংসদ।
শনিবার (১০ মে) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর খানপুর, নগর খানপুর, তল্লা, হাজীগঞ্জ, এম সার্কেস ও পানির কল এলাকার বাসিন্দাদের একমাত্র বিনোদন ও খেলাধুলার কেন্দ্র এই বরফকল মাঠ। দীর্ঘদিন ধরে শাপলা ক্রীড়া সংসদ, মহসীন ক্লাব, পোলস্টার ক্লাব, ডায়মন্ড ক্লাব ও সমাজ উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন মাঠটিতে নিয়মিত খেলাধুলা ও অনুশীলন পরিচালনা করে আসছে।
এতে আরও বলা হয়, এই মাঠ থেকেই জাতীয় পর্যায়ের একাধিক ফুটবলার উঠে এসেছেন। সম্রাট হোসেন এমিলি, স্বপন, চন্দন, নজরুল, সুজন, তপু, রিয়াজ, শাহাজাদা ও হীরার মতো খেলোয়াড়রা এ মাঠে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলেছেন। বর্তমানে এলাকার জুনিয়র খেলোয়াড়রাও নিয়মিত এখানে অনুশীলন করছে।
স্মারকলিপিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বর্তমান সময়ে শিশু-কিশোরদের আউটডোর কার্যক্রম দিন দিন কমে যাচ্ছে। মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে মাঠে গরুর হাট বসানো হলে মাঠটি দীর্ঘ সময়ের জন্য খেলাধুলার অনুপযোগী হয়ে পড়বে।
এছাড়া গরুর হাটের কারণে মাঠে গোবর, ময়লা-আবর্জনা ও বর্জ্য জমে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। এতে শিশু-কিশোররা বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এলাকাবাসীর পক্ষে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “শিশু-কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার পরিবেশ রক্ষায় বরফকল খেলার মাঠে গরুর হাট ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসকের সদয় হস্তক্ষেপ কামনা করছি।”

