নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশদূষণ ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা অনুযায়ী লক্ষণখোলার ফনকুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং মদনপুরের ফুলহর এলাকার মেসার্স এ এইচ বি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন। এ সময় বন্দর থানা পুলিশের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্পের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

