নারায়ণগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন তিনি। পরে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গাপূজার আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশের প্রশংসা করেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় স্থানীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি পূজামণ্ডপের সাজসজ্জা, নৃত্য পরিবেশনা ও উৎসবের আয়োজন উপভোগ করেন তিনি।
এর আগে তিনি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হয়।
আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে এটি তাঁর প্রথম দুর্গাপূজা উদযাপনের অভিজ্ঞতা। এমন একটি স্থানে যাওয়ার ইচ্ছা ছিল, যেখানে এর আগে কোনো রাষ্ট্রদূত যাননি। মণ্ডপের নৃত্যশিল্পীদের পরিবেশনা, মনোমুগ্ধকর সাজসজ্জা এবং সামগ্রিক আয়োজন তাঁকে অভিভূত করেছে বলেও জানান তিনি।
এমন একটি উৎসবের অংশ হওয়ার সুযোগ করে দেওয়া এবং আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী বোস কেবিনে চা পান থেকে শুরু করে পূজামণ্ডপ পরিদর্শন—মার্কিন রাষ্ট্রদূতের এ সফরে নারায়ণগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়গুলো উঠে আসে।

