নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিনের এ দাবি উপেক্ষা করে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। ঘোষিত নির্বাচন প্রত্যাখ্যান করে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা।
গতকাল কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে গঠিত বাস্তবায়ন কমিটির এক সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহ। সভা পরিচালনা করেন সদস্য সচিব এস এম কাদির। এতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. নুরুল হক জমাদার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক জাহের মোল্লা ও সাইফ রেজা সুমন।
এ ছাড়া বক্তব্য দেন কুতুবপুর ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন খান রিপন, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রাসেল, সমাজকর্মী কবিরুল হক রনি, ফতুল্লা থানা বিএনপির তাঁতী ও উপজাতি বিষয়ক সম্পাদক রবিন খান এবং ফতুল্লা থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ফয়সাল খান স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করেন, কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো গেজেট প্রকাশ না করেই আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে উপেক্ষা করা হয়েছে।
তাঁদের দাবি, কুতুবপুরকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে আন্দোলন-সংগ্রাম চলছে। এ দাবির প্রতি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার পর প্রয়োজনীয় প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় আইনগত শর্ত ও কাগজপত্রও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূরণ করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল কুতুবপুরকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। এর পেছনে একটি মহলের ষড়যন্ত্র রয়েছে বলেও তাঁরা দাবি করেন।
সভায় জানানো হয়, আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন কার্যালয় নারায়ণগঞ্জ অভিমুখে মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হবে।
নেতৃবৃন্দ বলেন, গত ১৭ বছর ধরে কুতুবপুরের মানুষ অবহেলিত অবস্থায় রয়েছে। কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন এলাকার বাসিন্দারা। তাই কুতুবপুরকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না করে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হলে তা মেনে নেওয়া হবে না।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বিষয়টি নিষ্পত্তি না করে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হলে কুতুবপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

