নারায়ণগঞ্জের আড়াইহাজার-মদনপুর সড়কে গ্যাস সংকটের অজুহাতে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই সুযোগে নির্ধারিত ভাড়ার প্রায় দ্বিগুণ আদায়ের অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে। এতে প্রতিদিনই যাত্রীদের সঙ্গে চালকদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে।
শুক্রবার (১৪ আগস্ট) আড়াইহাজার-মদনপুর সড়কের বিভিন্ন এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে মদনপুর থেকে আড়াইহাজার পর্যন্ত সিএনজির ভাড়া ৬০ টাকা। কিন্তু গত কয়েক দিন ধরে একই পথে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে মদনপুর থেকে বিশনন্দী ফেরিঘাটের নির্ধারিত ভাড়া ৯০ টাকা হলেও বর্তমানে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে প্রায় ২০০ টাকা।
শুধু সিএনজি নয়, সড়কে যাত্রীবাহী বাসের চলাচলও কমে গেছে বলে জানান স্থানীয়রা। ফলে বিকল্প পরিবহন না থাকায় বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
মদনপুর থেকে বিশনন্দী ফেরিঘাটে যাওয়া শাহিদা বেগম বলেন, মদনপুর থেকে সিএনজিতে ওঠার পর চালক তাকে আগেই জানিয়ে দেন, ভাড়া ২০০ টাকা। এক টাকা কম নেওয়া হবে না বলেও চালক তাকে জানান। বাধ্য হয়ে ওই ভাড়াতেই তাকে ফেরিঘাট পর্যন্ত যেতে হয়েছে।
স্থানীয় যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিন থেকে চার দিন ধরে ভাড়া অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। শুক্রবার সড়কে সিএনজির সংকট আরও তীব্র হওয়ায় পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। অনেক যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করেও গাড়ি পাচ্ছেন না।
তবে চালকদের দাবি, ইচ্ছা করে ভাড়া বাড়ানো হয়নি। গ্যাসের সংকটের কারণেই অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে।
সিএনজি চালক আফজাল মিয়া বলেন, প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের তীব্র সংকট চলছে। সকালে গাড়ি নিয়ে স্টেশনে গেলে অনেক সময় বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো দিন গ্যাস নিতে গিয়ে পুরো দিনই চলে যাচ্ছে। এতে গাড়ি চালানোর সময় ও আয় দুটোই কমে যাচ্ছে। এ কারণে সাময়িকভাবে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
চালকদের এমন বক্তব্য মানতে নারাজ যাত্রীরা। তাদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে পরিবহন মালিক-চালকদের যে সমস্যা তৈরি হয়েছে, তার পুরো দায় সাধারণ যাত্রীদের ওপর চাপানো কোনোভাবেই যৌক্তিক নয়। নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণের কাছাকাছি অর্থ আদায় করায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন।
বাড়তি ভাড়া নিয়ে প্রতিদিনই চালক ও যাত্রীদের মধ্যে তর্ক-বিতর্ক হচ্ছে। কোথাও কোথাও সেই বিরোধ হাতাহাতিতেও গড়াচ্ছে। যাত্রীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কার্যকরভাবে ভাড়া নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নেওয়ায় চালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।
তাদের দাবি, গ্যাস সংকট নিরসনের পাশাপাশি সড়কে পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

