নারায়ণগঞ্জের ফতুল্লায় দাবা খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য নিজস্ব ভেন্যু চালু করেছে নাহার চেস একাডেমি। প্রায় চার কাঠা জমির ওপর গড়ে তোলা এই ভেন্যুতে দাবা প্রশিক্ষণ, টুর্নামেন্ট আয়োজনসহ খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে। একাডেমি কর্তৃপক্ষের দাবি, দেশে কোনো দাবা একাডেমির নিজস্ব ভেন্যু হিসেবে এটিই প্রথম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফতুল্লার তল্লা এলাকায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজনের মধ্য দিয়ে নতুন ভেন্যুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনকে ঘিরে সেখানে ‘এনসিএ দ্বিতীয় আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ জামান, নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ ও শিক্ষিকা নুরুন নাহার খানম।
নাহার চেস একাডেমির পরিচালক নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
একাডেমি সূত্রে জানা যায়, নতুন ভেন্যুতে দাবা খেলার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হলরুম, অফিস কক্ষ, রান্নাঘর, বাথরুম ও খেলোয়াড়দের জন্য ক্যান্টিন রাখা হয়েছে। খেলোয়াড়দের আবাসন সুবিধা নিশ্চিত করতে একটি ডরমিটরি নির্মাণের কাজও চলমান রয়েছে।
২০০৭ সালে বগুড়ায় যাত্রা শুরু করে নাহার চেস একাডেমি। প্রতিষ্ঠাতা জাতীয় দাবা বিচারক ও আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মোহাম্মদ নাজমুল হাসান রুমির উদ্যোগে ২০০৮ সাল থেকে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়।
দীর্ঘদিনের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে একাডেমিটি প্রায় অর্ধশত আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু তৈরি করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের তৈরি খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় অন্যতম।
একাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রুমি ১৯৯৯ সাল থেকে দাবা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন। বিবি মরিয়ম গার্লস হাই স্কুলে তিনি টানা ১০ বছর বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদের দাবা প্রশিক্ষণ দিয়েছেন। দাবা সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে দেশসেরা দাবা সংগঠকের পুরস্কার অর্জন করেন তিনি।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দাবা চর্চার জন্য স্থায়ী অবকাঠামো গড়ে ওঠা নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে। এই ভেন্যুকে কেন্দ্র করে নতুন খেলোয়াড় তৈরি, নিয়মিত প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের পথ আরও প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

