নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেছেন, দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট দিন দিন তীব্র হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ সংকটকে কেন্দ্র করে গণদুর্বার আন্দোলন গড়ে উঠতে পারে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাওলানা দ্বীন ইসলাম বলেন, দেশের চলমান সংকট ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। বিশেষ করে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন।
তিনি বলেন, “সরকারকে সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝতে হবে। এসব সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সংকট সমাধানে সরকার বিলম্ব করলে জনগণের মধ্যে অসন্তোষ আরও বাড়বে এবং একপর্যায়ে গণদুর্বার আন্দোলন সৃষ্টি হতে পারে।”
তিনি আরও বলেন, দেশের স্বাভাবিক অর্থনৈতিক ও জনজীবন সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। এ বিষয়ে সরকারের দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নূর হোসেন, ওমর ফারুক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাজী আমানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন, মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মামুনুর রশিদসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

