নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে তাদের শরীর ও মুখমণ্ডল ঝলসে গেছে। দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় কারখানার মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত ও পাশা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ২টার পর হঠাৎ কারখানার ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান তারা। পরে ধোঁয়ার মধ্যে থেকে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আনা দুই শ্রমিকের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করেছে পুলিশ। ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান নূর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বয়লার বিস্ফোরণের কারণ ও দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

