নাসিকের বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদলের সাবেক নেতা আব্দুল কাদির জিলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহত দুই পরিবারের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই পরিবারের একজন করে সদস্যকে নাসিকে চাকরির নিয়োগপত্রও দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক ও নিয়োগপত্র তুলে দেন।
অনুষ্ঠানে নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে সিটি করপোরেশনের আইন শাখায় অফিস সহকারী পদে এবং নিহত ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে স্বাস্থ্য বিভাগে নিয়োগ দেওয়া হয়।
এ সময় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দুর্ঘটনায় পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ সম্ভব নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের পুনর্বাসনে কাজ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারগুলোর দীর্ঘমেয়াদি জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং নাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন। ওই দুর্ঘটনার পর স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি ওঠে।

