নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
২০ নভেম্বর দুপুর ২টায় উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ফুটবলকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের চর্চা বাড়ানোর প্রত্যাশা করছেন তারা।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক টুর্নামেন্টের প্রতিটি খেলা মাঠে উপস্থিত থেকে উপভোগ করার জন্য স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

