নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, শিশুটির বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় তাকে খালার কাছে রেখে যান। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির নিচের মাঠ থেকে ডেকে নিয়ে নিজের ভাড়া বাসায় ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি চিৎকার করলে তাকে শান্ত করে নানির কাছে রেখে যান অভিযুক্ত।
পরদিন প্রস্রাবের সময় শিশুটি ব্যথায় চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. অলিউল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

