নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। মিছিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে মহানগর বিএনপির ব্যানারে শহরের খানপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাশার আশা।
মিছিলটি খানপুর থেকে বঙ্গবন্ধু সড়কে উঠে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ‘পাটোয়ারী ভূয়া’, ‘এনসিপি ভূয়া’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি বিএনপি এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্যের নিন্দা জানিয়ে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিএনপির নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে এবং তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। তবে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অসম্মানজনক বা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হলে বিএনপি রাজপথে থেকেই তার জবাব দেবে বলে তারা হুঁশিয়ারি দেন।

