নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ নম্বর জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মিতালী রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান সবুজ শিকদার, পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাকিবুল দেওয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন, ৯০ নম্বর জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবু সায়েম প্রধান, পিয়ার হোসেন ও আমির হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তোমরা জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছ। সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

