ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের কুতুবপুরে রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখা।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় চিতাশাল মোড়ে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসেন সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান।
এছাড়াও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ ওয়াসিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।
বক্তারা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলোয়ার হোসেন সাকি বলেন, “রামিসা হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।” এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। তাই দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

