স্বামী ইন্তেখাব দিনারের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। প্রতিবছরই বিজরীর জন্মদিনটিকে নানা আয়োজনে স্মরণীয় করে তোলেন দিনার। এবারও তার ব্যতিক্রম হয়নি।
জন্মদিনের ডিনারে বিজরীর দুই প্রিয় বন্ধু ইরফান ও ফামিকে গোপনে আমন্ত্রণ জানিয়ে চমকে দেন তিনি। স্বামীর এমন আয়োজনে মুগ্ধ বিজরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।
ফেসবুক পোস্টে দিনারকে উদ্দেশ করে বিজরী লেখেন, ‘প্রতিবছরই তুমি তোমার নিজের মতো করে আমার জন্মদিনটাকে বিশেষ করে তোল। আমাদের বহুল প্রতীক্ষিত জন্মদিনের বাধ্যতামূলক ডিনার থেকে শুরু করে ছোট ছোট চমক সবকিছুতেই তুমি আমাকে ভালোবাসা ও যত্নে আগলে রাখো। আমাকে বিশেষ অনুভব করাতে তোমার কোনো কমতি থাকে না।’
এবারের আয়োজনের বিশেষ একটি মুহূর্তের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘সবচেয়ে ভালো লাগে, যখন আমি ভাবি তোমার সব পরিকল্পনা বুঝে ফেলেছি, ঠিক তখনই তুমি নতুন কোনো চমক দিয়ে আমাকে অবাক করে দাও! গতকালও তার ব্যতিক্রম ছিল না। বিশেষ করে আমার প্রিয় দুই বন্ধু ইরফান ভাই ও ফামিকে গোপনে জন্মদিনের ডিনারে আমন্ত্রণ জানিয়ে তুমি যে চমক দিয়েছ, তা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। তাদের উপস্থিতি সন্ধ্যাটিকে আরও বেশি আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।’
স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজরী আরও লেখেন, ‘প্রতিবছর আমার বিশেষ দিনগুলোকে স্মরণীয় করে রাখতে তুমি যে ভালোবাসা, সময়, চিন্তা ও পরিশ্রম ব্যয় করো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা। হয়তো সব সময় আমার বিস্ময় কিংবা আনন্দ প্রকাশ করতে পারি না, কিন্তু বিশ্বাস করো, তোমার করা প্রতিটি ছোট ছোট আয়োজন আমি খেয়াল করি এবং মন থেকে মূল্যায়ন করি।’
পোস্টের শেষ দিকে দিনারকে জীবনসঙ্গী হিসেবে পাশে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন বিজরী। লেখেন, ‘তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাশে পেয়ে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হয়। ভালোবাসি তোমাকে!’
বিজরী বরকতউল্লাহ দেশের ছোট পর্দার পরিচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী। অভিনয়ের পাশাপাশি নৃত্যেও রয়েছে তার দীর্ঘ পথচলা। শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি। ১৯৮৮ সালে বাবা মোহাম্মদ বরকতউল্লাহর প্রযোজনায় ‘সুখের ছাড়পত্র’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। পরে ‘কোথাও কেউ নেই’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় দুই হাজার নাটকে অভিনয় এবং পাঁচ শতাধিক মঞ্চে নৃত্য পরিবেশনের অভিজ্ঞতা রয়েছে তার।
নিয়মিত অভিনয় না করলেও পছন্দের গল্প ও চরিত্র পেলে এখনো কাজ করছেন বিজরী। সর্বশেষ তাকে দেখা গেছে তৌসিফ মাহবুব ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে ‘আপন পর’ নাটকে। মা-ছেলের সম্পর্ক ও পারিবারিক টানাপোড়েনের গল্পের নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলে। এবার নতুন সিনেমা ‘আবার দেখা হলে’তে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি, দীপা খন্দকার ও আজিজুল হাকিম।

