নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ শুরু হয়। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর আগে বেলা পৌনে ৩টার দিকে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। সড়কে শ্রমিকদের অবস্থান ঠেকাতে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হলেও তা অতিক্রম করে তারা সড়কে উঠে পড়েন। পরে শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় জালকুড়ি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। একই সঙ্গে ওই সড়কে যানবাহন চলাচলও পুনরায় শুরু হয়।

