নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেছেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালিতে এসব কথা বলেন তিনি। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ স্লোগানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকে কেন্দ্রীয়ভাবে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জে র্যালির মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন, র্যালি শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ থানা—এই তিনটি অঞ্চলে ভাগ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এক ঘণ্টা করে এ কর্মসূচি চলবে।
সিটি প্রশাসক আরও বলেন, নগরবাসীর জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়ে তুলতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নগরের প্রতিটি আনাচে-কানাচে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এ উদ্যোগ সফল করতে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নারায়ণগঞ্জে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ব্যাপক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আগামী তিন মাসেও নারায়ণগঞ্জে ডেঙ্গুতে কোনো প্রাণহানি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক নিজেই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

