নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর দায়ের করা মামলায় এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু নকীব আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণের পর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
আবু নকীব মিরপুর-১ নৌপুলিশ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী ও নারায়ণগঞ্জ জজ কোর্টের নারী আইনজীবী জাসমীন আহমেদের অভিযোগ, প্রেমের সম্পর্কের সূত্র ধরে আবু নকীবের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তিনি জানতে পারেন, আবু নকীব তাঁকে না জানিয়ে একাধিক বিয়ে করেছেন।
এ ঘটনায় জাসমীন আহমেদ মুসলিম ও পারিবারিক আইনের ৫(৬) ধারায় নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার বিচার শেষে আদালত আবু নকীবকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার সময় আবু নকীব আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় পরবর্তী সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

