নারায়ণগঞ্জ নগরীতে যানজট নিরসন ও অনুমোদনহীন অটোরিকশা (মিশুক) চলাচল নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। রোববার (৪ অক্টোবর) দুপুর থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।
নাসিক সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশনের নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট ও কিউআর কোড ছাড়া চলাচলকারী অটোরিকশাগুলোকে অভিযানের আওতায় আনা হয়েছে। নগরীতে অনুমোদিত অটোরিকশাগুলোকে নির্দিষ্ট ডিজিটাল নম্বর প্লেট দেওয়া হয়েছে। এসব প্লেটের মাধ্যমে গাড়ি ও চালকের পরিচয় সহজে শনাক্ত করা সম্ভব হবে।
অভিযানটি নগরীর মোট ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, টাউন প্ল্যানার মঈনুল হকসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযানে ট্রাফিক পুলিশ, আনসার সদস্য, যানজট নিরসন কর্মী ও উচ্ছেদ কর্মীরা অংশ নেন। নাসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরীর ৬টি পয়েন্টে আনসার, যানজট নিরসন কর্মী ও উচ্ছেদ কর্মীসহ প্রায় ১৮০ জন দায়িত্ব পালন করছেন।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীতে অনুমোদনহীন অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজটসহ বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যা নিয়ন্ত্রণে ডিজিটাল নম্বর প্লেটের মাধ্যমে অনুমোদিত ও অননুমোদিত যানবাহন আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নাসিকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট ছাড়া কোনো অটোরিকশা নগরীতে চলাচল করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসীর প্রত্যাশা, অবৈধ ও অনুমোদনহীন অটোরিকশার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং নগরীর সড়কে শৃঙ্খলা ফিরবে।

