নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন এবং এলাকার নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেছেন, ১২ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ জন্য জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ডনচেম্বার মসজিদ থেকে ব্যাংক কলোনি হয়ে খানপুর বউবাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, নগর উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ নয়, বরং সমাজে ন্যায়বিচার ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এলাকার কোথাও যেন ময়লা-আবর্জনা জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। নিজেদের বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে কোনো ব্যবসায়ী, দোকানদার কিংবা সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হবেন না। মাদকাসক্তি ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয়ভাবে কেউ এসব অপরাধে জড়িত থাকলে প্রথমে সামাজিকভাবে প্রতিরোধের চেষ্টা করতে হবে। প্রয়োজনে স্থানীয় কাউন্সিলর ও তাঁকে বিষয়টি জানাতে হবে। প্রশাসনের সহযোগিতায় অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এলাকার মানুষের নাগরিক সমস্যা চিহ্নিত করে সমাধান করাই সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সুন্দর পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। যেসব প্রকল্প এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে হাতে নেওয়া হবে।
অনুষ্ঠানে ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

