নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ কথিত ‘কোবরা বাহিনী’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার রামারবাগ এলাকার মৃত চাঁন মিয়া গাজীর ছেলে উজ্জ্বল গাজী (২৮), পটুয়াখালীর সারিকখালী এলাকার মৃত কাসেম আঁকনের ছেলে রাসেল আঁকন (৪০) এবং রামারবাগ এলাকার মো. রিপনের ছেলে সানি (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল কাঠেরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় কথিত ‘কোবরা বাহিনী’র ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাসেল আঁকন ফতুল্লার কাঠেরপুল এলাকায় মেট্রো গার্মেন্টসসংলগ্ন হাজী হাসেমের বাড়িতে ভাড়া থাকেন। অন্য দুজন রামারবাগ এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ডিবির এসআই মিজানুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মঙ্গলবার দায়ের করা মামলাটির নম্বর ৩৫।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

