বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি পুকুরপাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, স্বাধীনতার পর দেশের খাদ্য সংকট মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও মৎস্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর সময়ে খাল খনন, পুকুর সংস্কার এবং মাছ চাষের মাধ্যমে দেশের খাদ্য ও আমিষের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে যেমন মানুষের আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছিল, অন্যদিকে মৎস্য খাত দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। সেই ধারাবাহিকতায় বর্তমান সময়ে মাছের পোনা অবমুক্ত ও মৎস্য চাষ সম্প্রসারণের উদ্যোগকে সফল করতে আজকের কর্মসূচি পালন করা হয়েছে।
খোরশেদ আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে জলাশয় সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, আব্দুল কাইয়ূম আলামিন, সুমন ভূইয়া, মো. নুরুজ্জামান, মনির আহমেদ রাসেল, রানা মুন্সী, মো. মিঠু, খোকন গাজী, আফজাল হোসেন, মো. ইমন, মো. মুসা, রহিম শেখ, বিল্লাল, রুহুল আমিন, হাজী আলম, জাকির হোসেন, কবির, আলফু, মিজান গাজী, কুতুব উদ্দিন, মহিউদ্দিন, খালেক মাহবুব ভূঁইয়া, মো. ইসলাম, মাসুম খন্দকার, রাজিব, নজরুল ইসলাম, মাসুদ আহমেদ, শামীম, তপু, কবির হোসেন জিহাদী, শেখ মাসুদ, মিজান, শামীম ইসলাম বাবুসহ সাবেক যুবদলের নেতাকর্মীরা।

