নারায়ণগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা, পাঠদানের মানসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানের আরেক পর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং বাস্তবজীবনে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

