নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিন ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার বাঘানগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারা অমান্য করায় মো. মাথুর (২১)-এর বিরুদ্ধে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে খান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আমির আলী (৪০)-কে ১ হাজার টাকা এবং মেসার্স আলী হোসেন ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী হোসেন (৩০)-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলারও আহ্বান জানান তিনি।

