নগরীর সৌন্দর্য বৃদ্ধি, যানজট নিরসন এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনের সরকারি জায়গা ও আশপাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
মঙ্গলবার (৯ জুন) সকালে নগরীর আল্লামা ইকবাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নাসিক প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এক্সকাভেটর ব্যবহার করে কলেজের প্রধান ফটকের সামনে এবং আশপাশের দখলকৃত স্থানগুলো থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজের প্রবেশপথ ও সড়কের একাংশ বিভিন্ন অবৈধ স্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছিল। এতে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি করপোরেশন উচ্ছেদ কার্যক্রম হাতে নেয়।
অভিযান চলাকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষার্থীদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে কলেজের প্রয়োজন অনুযায়ী রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এরপর এলাকাটিকে জনসাধারণের জন্য আরও উন্মুক্ত ও চলাচল উপযোগী করে তোলা হবে।
তিনি জানান, অভিযানে যে অংশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে তার একটি অংশ বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পত্তি। সেখানে বসবাসকারী একটি পরিবারের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
অভিযানের সময় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদসহ সিটি করপোরেশন ও কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাসিকের কর্মকর্তারা জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি সম্পত্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে। নগরবাসীর স্বার্থে এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

