নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সরেজমিনে বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম তদারকি অব্যাহত রেখেছেন। নগরীর পানি, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তিনি নিয়মিত বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে একটি সাবমারসিবল পানির পাম্প উদ্বোধনের পর তিনি অনলাইনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধবিষয়ক টাস্কফোর্স কমিটির সভায় অংশ নেন। সভাটি সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরীর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
তিনি জানান, নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে খাল খনন ও পুনঃখনন, ড্রেন পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন নির্ধারিত এলাকাগুলো থেকে বর্জ্য অপসারণ করছেন, যাতে মশার প্রজননস্থল তৈরি না হয়।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে প্রচারণা চালানো হচ্ছে। লিফলেট বিতরণ, সচেতনতামূলক সভা এবং বিভিন্ন প্রচার কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাছ থেকে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর ও গতিশীল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি নগর এলাকায় পরিচ্ছন্নতা, দ্রুত বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

