নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে হাবিবুর রহমান (৩৫)-এর প্রতিষ্ঠান হাবিবুর অটো হাউজকে ১৫ হাজার টাকা এবং আবদুল মতিন (৩৫)-এর প্রতিষ্ঠান আল নিহাল এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রভাকরদী বাজারে কয়েকটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই প্রতিষ্ঠানে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুই ব্যবসায়ীকে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে প্রভাকরদী বাজারে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় কয়েকজন দোকানদার পালিয়ে যান। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

