প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে গণঅনশন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাণ্ড, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ ছাড়া বিভিন্ন এলাকার পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দও গণঅনশনে সংহতি প্রকাশ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর পর গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে। অতিরিক্ত বিলসহ নানা সমস্যার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। জনগণের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।
তারা আরও বলেন, বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদ ও গণপ্রতিরোধ শুরু হয়েছে। তাই দ্রুত এই মিটার ব্যবস্থা বাতিল করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত বিলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করা না হলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
দুপুর পৌনে ১টার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। পরে তিনি পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান।
এ সময় এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি জাতীয় সংসদে উত্থাপনের চেষ্টা করব। আশা করি আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।”
গণঅনশন থেকে বক্তারা প্রিপেইড মিটার বাতিল, অতিরিক্ত বিলের প্রতিবিধান এবং গ্রাহক হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

