নারায়ণগঞ্জের আদালত স্থানান্তর নিয়ে বিভিন্ন মহলে চলমান আলোচনা-সমালোচনায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেছেন, আইনজীবীদের স্বার্থের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না বলে তারা বিশ্বাস করেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেসি ও জজশিপের কিছু মামলা এবং আদালত অন্যত্র স্থানান্তর করা হবে—এমন আলোচনা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আদেশ, নির্দেশনা বা প্রজ্ঞাপন জেলা আইনজীবী সমিতি পায়নি।
তিনি বলেন, আইনজীবী সমিতির ভবন বর্তমান স্থানেই থাকবে। একই সঙ্গে নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ও জজ কোর্টও একই স্থানে থাকবে বলে তারা আশা করছেন।
কালীরবাজারের নতুন ভবনে ল্যান্ডস কোর্ট, সাইবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থানান্তরের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আইনজীবী সমিতির কাছে এখনো কোনো সরকারি প্রস্তাব আসেনি। বর্তমান আদালত ভবনেই এসব আদালতের কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সরকার প্রয়োজনীয় নির্দেশনা দিলে বিদ্যমান ভবনের মধ্যেই জায়গার ব্যবস্থা করে আদালতগুলোর কার্যক্রম চালানো সম্ভব।
চাষাড়া গোল চত্বরের যানজটের বিষয়টি তুলে ধরে আনোয়ার প্রধান বলেন, চাষাড়া নারায়ণগঞ্জের অন্যতম যানজটপূর্ণ এলাকা। এ অবস্থায় আদালতের কার্যক্রম এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়বে। একই সঙ্গে আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, আদালত স্থানান্তরের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু কেউ কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে প্রচার করে আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না।’ নারায়ণগঞ্জের আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের স্বার্থ রক্ষায় জেলা আইনজীবী সমিতি অতীতেও পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামসুর নূর বাঁধন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এ কে এম ওফর ফারুক নয়নসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

