নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ দেশের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। জেলার নাগরিক সমস্যা, চলমান বিভিন্ন সংকট এবং সম্ভাবনাময় উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি আগ্রহের সঙ্গে আলোচনা করেন। এ সময় নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র জানায়, বৈঠকে উপস্থিত চেয়ারম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা শিথিলতার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে মানুষের কল্যাণকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
সংশ্লিষ্টদের মতে, এ বৈঠকের মাধ্যমে নবনিযুক্ত চেয়ারম্যানদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজীবের দায়িত্ব পালনে এ দিকনির্দেশনা জেলার দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধান এবং জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

