নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে এবং এর সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।
রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি সরকারি দপ্তরকে নিজস্ব দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সক্ষমতা ও সম্পদ কাজে লাগিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এতে সরকারি উদ্যোগের প্রভাব আরও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য, স্যানিটেশন কিংবা শিক্ষা কোনো একটি নির্দিষ্ট দপ্তরের একক দায়িত্ব নয়। বিভিন্ন দপ্তর তাদের প্রচারণা, উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য কিংবা ভিডিও বার্তায় এসব বিষয় অন্তর্ভুক্ত করলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।
মো. রায়হান কবির বলেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে পারস্পরিক ধারণা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কোন দপ্তর কী ধরনের সেবা ও সুযোগ-সুবিধা দিচ্ছে, তা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবগত হন। ফলে জনগণকে প্রয়োজনীয় তথ্য দেওয়া এবং সরকারি সেবার আওতায় নিয়ে আসা আরও সহজ হয়।
তিনি বলেন, একই জনগোষ্ঠীকে কেন্দ্র করেই বিভিন্ন সরকারি দপ্তর কাজ করে। কেউ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে, কেউ শিক্ষার উন্নয়নে কাজ করে, আবার কেউ অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখে। এসব কার্যক্রমকে সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে একজন মানুষ একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা পাবে, যা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে।
জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

