ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত হকার্স মার্কেট ভেঙে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হকার্স মার্কেট পরিদর্শনে গিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মার্কেটে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এ সময় কয়েকজন দোকান মালিক দোকান ভাড়া দেওয়া ও বিক্রির বিষয়টি স্বীকার করেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “এখানে ৬৭২ জন হকারকে পুনর্বাসন করা হয়েছিল। কিন্তু সরেজমিন তদন্তে দেখা গেছে, যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের কেউ এখন এখানে নেই। কেউ দোকান ভাড়া দিয়েছে, কেউ দোকান বিক্রি করে আবার ফুটপাতে ব্যবসা করছে।”
তিনি আরও বলেন, বরাদ্দপ্রাপ্ত দোকান ভাড়া দেওয়া বা বিক্রি করা আইনসিদ্ধ নয়। অথচ একাধিক দোকান একত্র করে বড় দোকান বানিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, যা সম্পূর্ণ অনিয়ম।
নাসিক প্রশাসক জানান, “এই মার্কেট ভেঙে দেওয়া হবে। এরপর প্রকৃত হকারদের যাচাই-বাছাই করে পুনর্বাসন করা হবে। যারা বরাদ্দ নিয়ে অবৈধভাবে দোকান ভাড়া বা বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পরিদর্শনকালে সিটি করপোরেশনের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

