নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে সেবার মান উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দায়িত্বে অবহেলা কিংবা সেবায় গাফিলতি আর সহ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন।
রবিবার নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্যখাতে জিডিপির ১ দশমিক ২ শতাংশ বরাদ্দ দিয়ে প্রায় ৬৯ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এই অর্থ জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই ব্যয় করা হবে।
তিনি জানান, রাজধানীকেন্দ্রিক চিকিৎসা নির্ভরতা কমাতে ইতোমধ্যে দেশের ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। ফলে সামান্য শ্বাসকষ্ট বা জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী হওয়ার প্রয়োজন কমবে।
পরে হাসপাতাল পরিদর্শনকালে ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, একজন মন্ত্রী সফরে আসবেন জেনেও হাসপাতাল পরিচ্ছন্ন রাখা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। অতীতে তিন মাস সময় দেওয়া হয়েছিল, এখন আর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ, শৃঙ্খলা ও সেবার মানে দৃশ্যমান পরিবর্তন না এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু হাসপাতাল প্রস্তুত রাখলেই হবে না, নগরজুড়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, অপ্রয়োজনে রোগীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে রেফার না করে স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবার প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

