নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে পুলিশের কয়েকটি দল। অভিযানের একপর্যায়ে রাত সোয়া ২টার দিকে কুশিয়ারা এলাকার টিনের মসজিদ মোড়সংলগ্ন টি হোসেন গার্ডেনের সামনে থেকে মো. জাহিদ হাসান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজন ডাকাতির প্রস্তুতি মামলার আসামি। এছাড়া অন্য পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জাহিদ হাসান (২৫), মো. রিয়াজুল ইসলাম বিজয়, মো. সজিব, মো. রাসেল রানা, মো. শীতল, রোকসানা ও মো. আলিফ মিয়া।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

