নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মুহাম্মাদ জামাল হোসাইনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সানারপাড় বটতলা এলাকায় এ মানবিক ও সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। সকাল থেকে ক্যাম্পে চোখের চিকিৎসা নিতে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় যাদের চোখে ছানি বা অন্যান্য জটিলতা ধরা পড়ে, তাদের পরবর্তী চিকিৎসা ও বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
২ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা অত্যন্ত মহৎ কাজ। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে বিত্তবান ও সেবাব্রতী মানুষকে এভাবে এগিয়ে আসতে হবে।
মুহাম্মাদ জামাল হোসাইন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। একটি সুন্দর, মানবিক ও সেবামুখী ২ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সেক্রেটারি হাবিবুর রহমান, এনায়েতুল্লাহ, সাজ্জাদ হোসাইন ও মাওলানা আবু ইউসুফ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

