আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে ঘিরে আতলেতিকো মাদ্রিদের অস্বস্তি এবার প্রকাশ্যে এসেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে নিজেদের সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হয়েছে এই ফরোয়ার্ডকে।
রোববার রাতে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় আতলেতিকো। ম্যাচের শুরু থেকেই আলভারেজকে ঘিরে ছিল উত্তেজনা। একাদশে না থাকলেও তার নাম ঘোষণার সময় গ্যালারি থেকে দুয়োধ্বনি আসে। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে মাঠে নামার পরও সমর্থকদের ক্ষোভ থামেনি।
আলভারেজকে ঘিরে এই উত্তেজনার পেছনে রয়েছে তার ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনা। গ্রীষ্মকালীন দলবদলের সময় থেকেই বার্সেলোনার প্রতি তার আগ্রহ এবং আতলেতিকো ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক প্রতিবেদনে আর্সেনালের নামও জোরালোভাবে সামনে এসেছে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে সতীর্থরা যখন সমর্থকদের অভিবাদন জানাতে যান, তখন আলভারেজ একাই ড্রেসিংরুমের দিকে চলে যান। তবে বিষয়টি তার নিজের সিদ্ধান্ত ছিল না বলে জানিয়েছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া এড়াতে ক্লাব কর্তৃপক্ষই আলভারেজকে সরাসরি ড্রেসিংরুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
ম্যাচে আতলেতিকো ২-২ গোলে ড্র করলেও আলভারেজকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। একপর্যায়ে ১০ জনের দল হয়ে পড়া আতলেতিকোকে শেষ দিকে গোল করে সমতায় ফেরান কোচ সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে।
এদিকে দলবদলের বাজারে আলভারেজকে নিয়ে বার্সেলোনা ও আর্সেনালের আগ্রহের খবর সামনে আসছে। সর্বশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, বার্সেলোনায় যাওয়ার পথ কঠিন হয়ে পড়ায় আর্সেনালের সম্ভাব্য প্রস্তাব এখন আলভারেজের কাছে আগের চেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে।
দলবদলের সময়সীমা যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে চাপ। আলভারেজের ভবিষ্যৎ শেষ পর্যন্ত মাদ্রিদে নাকি ইংল্যান্ড বা স্পেনে নতুন ঠিকানায়—সেদিকেই এখন নজর ফুটবলবিশ্বের।

